হিরে নয়- ভোরের শিশির

পথশিশুর জীবন,ভোরের শিশির,struggle,sanjida akhter rupa

এই-ই হবে তোর পরিণতি, আগেই জানতাম।

যেদিন প্রথম দেখেছিলাম তোকে, খুব ব্যাস্ত ছিলি তুই। নয়ন এক কোণে বসেছিল মন খারাপ করে। তোর দেখার সময় নেই। কারনটা তো তুই আগে থেকেই জানতিস।

একটা পুতুলের বায়না করেছিলো। সাঁঝগলির পাশের বড় দোকানটার শোকেজে সাজানো একটা পুতুল। পাগলিটা তো আর জানেনা, এই জিনিস সকলের বায়না করতে নেই। থাকুক না কিছুক্ষণ গাল ফুলিয়ে!

তোকে আরেকদিন দেখেছিলাম- ট্রেনে করে যেতে হাতের ডান পাশে যে বস্তিটা পড়ে, ওখানেরই একটা কুড়ের ছায়ায়। প্রায় কালচে হয়ে আসা সাদা প্লেটটায় করে কি যেন খাইয়ে দিচ্ছিলি বোনকে। ভাত-ই হবে।
কয় সেকেন্ডের জন্য দেখেছিলাম মনে নেই। কিন্তু এরপরে দৃশ্যটা অনেকবার আমার চোখে ভেসে উঠেছিল।

মনে পড়ে, একদিন চমকে উঠেছিলাম শিরিনকে দেখে। স্কুলের জামা পড়ে তিড়িং বিড়িং করে চলেছে কোথায়। সাথে ছিলি তুই। একটা হাত শক্ত করে ধরে হাঁটছিলি পাশে পাশে।

নিয়মিত ট্রেনে যাবার পথে প্রায়ই চোখে পড়তে লাগলো তোদের। মূলত ওই অপেক্ষাই থাকতো মনের কোণে।

তোর ছোটো ছোটো হাত আর একটুখানি বুকটা দেখে আমার বিস্তর শাখা-প্রশাখা মেলা বটগাছের কথা মনে পড়তো; যার পুরোটা ছায়া আর ডাল পালা জুড়ে থাকতো তোর চোখের তারা, নয়ন।
আর কে-ই বা ছিলো? ও-ই তোর সব। বাবা-মা ছাড়া একলা সংসারে ও-ই তোর দিন-রাত জুড়ে।

মনে আছে, যেদিন তোকে জিজ্ঞেস করেছিলাম, ‘কিরে, শুধু বোনটাকে পাঠালেই হবে? তুই স্কুলে পড়বিনা?’ টেবিলে চা আর সিঙ্গারাটা রেখে গামছা দিয়ে মুখটা মুছে বলেছিলি, ‘আমার তো স্কুলে যাওন হইব না। নয়নডারে পড়ামু আমি। অনেক বড় করুম। দ্যাখবেন অ-ই আমার নাম উঁচা করব’, বলে তোর মায়ামাখা দেঁতো হাসিটা হাসলি।

উত্তরে হেসেছিলাম শুধু। আসলে ভাষা হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে জানা নেই, কিন্তু তোর চোখের সেই চমক বহু কথা, বহু স্বপ্ন হয়ে ধরা দিয়েছিল। তার ভার আমি সইতে পারিনি।

আজ কোথায় গেল সেই তেজ?

নয়নকে দেখে আরেকদিন চমকে উঠেছিলাম।
সেইযে বড় দোকানটায় সাজানো লাল টুকটুকে জামা পড়া পুতুলটা, যার জন্য নয়ন গাল ফুলিয়েছিল, ওটা নিয়ে যেদিন খেলতে দেখেছিলাম তাকে। হাসি ঠিকরে পড়ছিলো। হাত নেড়ে নেড়ে কত কি গল্প করে যাচ্ছিল ওটার সাথে!

আজ মুছে গেছে সে হাসি।

আজ চুপ করে আছিস যে? দেখছিসনা, বোনটা কাঁদছে!

শুনেছি একটা প্লেটই নাকি ভেঙেছিলি? জানিসনা, একটা প্লেটের দাম তোর জীবনের চাইতেও বেশী?



Comments

  1. একটা লাইন মনে পড়ে গেলো
    "ভাত দে হারামজাদা নয়তো তোর মানচিত্র ছিড়ে খাবো"

    ReplyDelete
  2. ভাল একটা লেখা

    ReplyDelete

Post a Comment