ভালবাসা কি?
ভালবাসা ব্যাপারটাকে কথা দিয়ে কেউ কখনো প্রকাশ করতে পারে নি। কারণ ব্যাপারটা চিরদিনই অন্য ভাষায় ঘটে এসেছে; এমন এক ভাষায়, যা নশ্বর মানুষের আবিষ্কৃত কোনো ভাষার মধ্যে পড়ে না। ভালবাসা ইন্দ্রিয়ের ভাষা। সমস্ত ইন্দ্রিয় দিয়েই তাকে উপলব্ধি করতে হয়। এরমধ্যে একটাও বাদ গেলে সে ভালবাসা পূর্ণতা পায় না। তাইতো নির্বাক পশুও ভালবাসতে জানে। মানুষ প্রকৃতির প্রেমে পড়ে। নার্সিসিজম নামে এক ভালবাসা আছে (সেখানে কে কাকে বলছে ভালবাসি?)। কিংবা এমন হাজারো ভালবাসার গল্প যা কখন, কেন, কিভাবে কেউ ব্যাখ্যা করে বোঝাতে পারে না। ব্যাখ্যা করে বোঝাবে কি? কেবল শ্রবণেন্দ্রিয় পর্যন্ত আঁটকে থাকলেই তাকে ভালবাসা বলে কি?
![]() |
| ছবি: সংগৃহীত |
কথার তুবড়ি ছুটিয়ে নয়, তার প্রকাশ করতে হয় ভাব দিয়ে। নিরবে, যখন অন্যসব মৌখিক ভাষাকে থামিয়ে রাখা সম্ভব হয়, তখনই তার দেখা পাওয়া যায়। যুক্তি তর্কের তোয়াক্কা না করে সমস্ত ইন্দ্রিয় বিদ্রোহ করে ওঠে তার পক্ষে। একারণেই আজকালের মেসেঞ্জার-হোয়াটসএপের সঙ্গে তাল মিলিয়ে ভালবাসা চলতে পারছে না; বেশিদূর এগোতে পারছে না। মুখ থুবড়ে পড়ছে। ‘তোমায় ভালবাসি’ বলবার বহু আগেই ভালবাসা ঘটে যায়। বুঝবার, সিদ্ধান্ত নেবার আগেই। অনুভূতির ব্যবচ্ছেদ করে ব্যাখ্যা করার আগেই। তা দৃষ্টি, স্পর্শ, ঘ্রাণে সবরকমভাবে বোধ হতে থাকে। ঝরে পড়তে থাকে অন্যের চোখের সামনেও। কখনো ভালবাসার ঘাটতি দেখা দিতে থাকলেও যুক্তির আগে ইন্দ্রিয় তা ধরে ফেলে। কেউ মুখ ফুটে বলবার আগেই নিরবে (বা সরবে) অনুভূতিগুলো অন্যের হৃদয়ে গিয়ে ধরা দেয়। তা প্রকাশ করতে হয় ইন্দ্রিয় দিয়ে। আর পরিপূর্ণতা পায় মৌখিক ভাষার সাহায্য নিয়ে।
বৃক্ষের খাবার তৈরি করার মত চোখের আড়ালে ঘটে যায় পুরো ব্যাপারটা। তাইতো সেটা এমন দুর্বোধ্য। একেকজনের কাছে এর সংজ্ঞা একেকরকম। আমরা ভালবাসাকে কেবল হৃদয়সর্বস্য বস্তু বলে একটা ছকে বেঁধে রেখেছি। শুধু হৃদয়ানুভূতির দোহাই দিয়ে, অন্যসব বোধ– ইন্দ্রিয়কে বধির রেখে ভালবাসা কচলাতে থাকলে লেবুর মত তিতকুটে হয়ে যাওয়াই স্বাভাবিক। অমন প্রতিবন্ধী ভালবাসা ‘ভালবাসা’র প্রহসন ছাড়া কিছু না।

Comments
Post a Comment